প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:৫৯
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বিশাল অংকের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির।
|আরো খবর
চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, প্রবীণ চিকিৎসক ডা. এসএম মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পাবলিক প্রসিকিউটর অ্যাড. কোহিনুর বেগম, টিএলসিসি’র সদস্য আক্তার হোসেন মাঝি, তানিয়া ইসলাম, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, সেক্রেটারী তালহা জুবায়ের, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক জিএম শাহীন, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম ও জুলাই মঞ্চ প্রতিনিধি জাকির হোসেন।
মূল বাজেট মাল্টিমিডিয়া প্রজেক্টরে উপস্থাপন করেন চাঁদপুর পৌরসভার শহর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন। অনুষ্ঠানে এই অর্থ-বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হয়। বাজেট বিবরণী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আসন্ন অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব খাত থেকে আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা। বাজেটে গত বছরের ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা প্রারম্ভিক স্থিতি হিসেবে যুক্ত করা হয়েছে।
পৌরসভার সার্বিক উন্নয়নে ব্যয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণসহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। বাজেটে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা সমাপনী স্থিতি বা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাজেট বাস্তবায়িত হলে চাঁদপুর পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে।
ডিসিকে /এমজেডএইচ








