প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৯:০৭
শাহরাস্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ অবরুদ্ধ, কক্ষে তালা

মো. মঈনুল ইসলাম কাজল।। শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের অফিসকক্ষে তালা ঝুলিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।
|আরো খবর
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের দাবিগুলো বিবেচনায় নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেয়।
শিক্ষার্থীরা জানায়, আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে অ্যাডমিট কার্ডের নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রতিষ্ঠানের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক নানা অনিয়মের অভিযোগ এনে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
এ ঘটনার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি জানার পর অধ্যক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। আপাতত অ্যাডমিট কার্ডের নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বর্তমানে আলিম পরীক্ষা চলমান থাকায় পরীক্ষা শেষে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ বিষয়ে অধ্যক্ষ মো. বেলাল হোসেন জানান, উপজেলার সব অধ্যক্ষের মতামতের ভিত্তিতে প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা অতিরিক্ত আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ কিছু পরীক্ষার্থী অনিয়মিত, তারা পুরো টাকা দেয় না। আবার কিছু অসচ্ছল পরীক্ষার্থী রয়েছে, যারা পুরো টাকা দেওয়ার সামর্থ্য রাখে না। এ কারণে পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে বেশি নেওয়া হয়েছে। যাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে, তাদের সেই টাকা ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে আনা বাকি অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।








