বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭:৩৪

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে

---- শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগের তুলনায় মাদক বেচাকেনা কিছুটা কমেছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক ছোঁয়াচে রোগের মতো—একজন থেকে অন্যজনের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। মাদকের বিষয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি তদবির করেন না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো মাদক কারবারি যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা উচিত, যাতে অভিযান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসেবীদের কাউন্সেলিংয়ের আওতায় আনতে হবে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক খেলাধুলার আয়োজন করা হলে যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা সম্ভব হবে।

নদীতে মাছ শিকার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, যারা নদীতে মাছ ধরেন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। একই সঙ্গে কেউ যেন অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করে মৎস্যসম্পদ ধ্বংস করতে না পারে, সেদিকেও নজর দিতে হবে। অবৈধ জালের কারণে মৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইব্রাহীমপুর ইউনিয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে একটি গ্রুপ সাধারণ মানুষের ফসলি জমি কেটে মাছের ঘের তৈরি করছে। মাছের ঘেরের নামে যেসব বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সেগুলো কেটে দিতে হবে, যাতে মাছ নির্বিঘ্নে নদীতে চলাচল করতে পারে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সদর নৌ থানার এসআই সুভল এবং চান্দ্রা ইউপি নির্বাহী কর্মকর্তা মো. বিশির উল্যাহ খান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভাশেষে চাঁদপুর সদর উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর সদর পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দরিদ্র, দুস্থ ও অসহায় নারী কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়।

সবশেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়