প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০:৩৯
চাঁদপুর সদরে সবুজ বিপ্লবের সূচনা
প্রথম বছরেই ৩৫ হাজার গাছ রোপণের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা পরিষদ ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। বুধবার (২৯ জুলাই ২০২৬) তরপুরচণ্ডী ইউনিয়নের বিটি রোডে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক এসএমএন জামিউল হিকমা।
|আরো খবর
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় চলতি বছরে চাঁদপুর সদর উপজেলায় ৩৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। প্রথম ধাপে দু দিনের বিশেষ কর্মসূচিতে ৫০০ গাছ রোপণ করা হবে, যা প্রায় ১০ কিলোমিটার সড়কজুড়ে বাস্তবায়ন করা হবে।
উপজেলা পরিষদের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের যেসব সড়ক ও এলাকায় গাছের স্বল্পতা রয়েছে, সেসব স্থানে অগ্রাধিকার দিয়ে চারা রোপণ করা হবে।
চাঁদপুর কণ্ঠকে দেয়া বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা বছরে ৩৫ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে দুদিনে ৫০০ গাছ লাগানো হবে, যা ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত থাকবে। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের যেসব স্থানে গাছ নেই বা বৃক্ষরোপণের সুযোগ রয়েছে, সেখানে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে। এলাকার পরিবেশ ও প্রয়োজন বিবেচনা করে উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন করা হবে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরও নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। এভাবেই বছরে ৩৫ হাজার গাছ রোপণের লক্ষ্য পূরণ করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি নেয়া হয়েছে, তার সফল বাস্তবায়নে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা ইঞ্জিনিয়ার ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক রাহাত আমিন পাটোয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এবং কাজী লজ্জাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাসেল কাজী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আখতার হোসেন বকাউল, তরপুরচণ্ডী ইউনিয়নের সমাজসেবক কাজী রোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে চাঁদপুর সদরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।







