প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৯:৩৩
চাঁদপুর ফাউন্ডেশনের জমিতে বহুতল আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত

চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভায় ফাউন্ডেশনের জমিতে বহুতল আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভা পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর ফাউন্ডেশন মানুষের কল্যাণে এবং চাঁদপুরবাসীর স্বার্থে কাজ করবে। প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও অন্য জনকল্যাণমূলক খাতে ব্যয় বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ফাউন্ডেশনের জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার সমাধান হয়েছে। জমি ফাউন্ডেশনের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে, সাইনবোর্ড স্থাপন ও জায়গা বুঝে নেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। এখন ফাউন্ডেশনের আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে ফাউন্ডেশনের জমিতে বহুতল আধুনিক মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ এবং সোনালী ব্যাংক চাঁদপুর শাখার প্রতিনিধিসহ পরিচালনা কমিটির সদস্যরা।
সভায় ফাউন্ডেশনের নীতিমালা প্রণয়নের জন্যে একটি উপ-কমিটি এবং বহুতল মার্কেট নির্মাণের বিষয়টি তদারকির জন্য পৃথক একটি উপ-কমিটি গঠন করা হয়। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।








