প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০২:০৩
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
|আরো খবর
মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাছের, মনির হোসেন, প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারীসহ শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে এবং দেশপ্রেম, মানবিকতা, সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শহীদদের আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি, জাতীয় ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক কামাল উদ্দিন।
অনুষ্ঠানশেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসিকে/ এমজেডএইচ








