প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২২:৪০
মতলব উত্তরে রথযাত্রা মহোৎসব উদ্বোধন
ধর্মীয় বিভাজনের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না
--------আলমগীর সরকার

ধর্মীয় বিভাজনের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) মতলব উত্তর উপজেলার দূর্গাপুর মণ্ডপাড়া শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলমগীর সরকার বলেন, ধর্ম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এ ধরনের বিভাজনে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদ দর্শন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই সব ধর্মের সব মতের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করি।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ঐকান্তিক সহযোগিতায় এ রথযাত্রা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বলরাম গোস্বামী, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, করুণা নির্ঝর নাথ, শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আয়োজক ধীরেন্দ্র চন্দ্র মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রাধেশ্যাম রায় বক্তব্য রাখেন। পরে অতিথিরা রথ টেনে রথযাত্রা মহোৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ছবি: মতলব উত্তর উপজেলার দুর্গাপুর মণ্ডপাড়া শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করছেন আলমগীর সরকারসহ অতিথিরা।








