প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:০৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
চ্যাম্পিয়ন মানবিক বিভাগ

শনিবার (১১ জুলাই ২০২৬) উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়াম এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
|আরো খবর
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন "মাদকমুক্ত ও সুস্থ-সবল তরুণ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও চরিত্র গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম।"
তিনি আরও যোগ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ শুধু পড়াশোনায় নয়, বরং বিতর্ক, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মতো সহশিক্ষা কার্যক্রমেও অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে, যা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব জয়নাল আবেদীন জনু এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ বক্তব্য রাখেন। তাঁরা কলেজের এই চমৎকার ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সুস্থ ধারার উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মাঠের লড়াই : মানবিক বিভাগের সহজ জয়
দিনের মূল আকর্ষণ ছিলো টুর্নামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা। দুপক্ষের দর্শকদের গগনবিদারী উল্লাস ও করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মানবিক বিভাগ। শেষ পর্যন্ত ব্যবসায় শিক্ষা শাখাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট লুফে নেয় মানবিক বিভাগের ফুটবলাররা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মো. নূর খান এই সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। আগামী দিনগুলোতেও কলেজের এমন সহশিক্ষা কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







