প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২০:৩৯
মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে গর্ত! জনমনে আতঙ্ক
ক'মাস আগেও মেরামত করা হয় যেখানে

মতলবে ধনাগোদা নদীর ওপর নির্মিত ‘মতলব সেতু'র উত্তর পাশের অ্যাপ্রোচ সড়ক ভেঙে গর্ত দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে এ ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। আতঙ্কে দিন কাটছে লাখো মানুষের।
|আরো খবর
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সরজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙে এখন যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা এবং ঢাকা থেকে এসব উপজেলায় যানবাহনে করে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।
মতলব সেতুর উত্তর পাশে বাইশপুর এলাকায় বড়ো গর্ত তৈরি হয়েছে। দ্রুত মেরামত করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয় এলাকাবাসী জানান, গত ক'মাস আগে এই সড়কে মেরামতের কাজ করা হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টিতে পূর্বের ভাঙা মেরামত করা সড়কটি এখন আবার ভেঙে অচলাবস্থা দেখা দিয়েছে।
এ সড়কে যাতায়াতকারী ব্যবসায়ী দুলাল চন্দ্র শীল ও পথচারী মো. মিজানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায় দিনেই রাতে চলাচল করি। এখন এমন অবস্থা হইছে রাস্তায়, যে কোনো সময় বিপদ ঘটতে পারে।
এছাড়া এ জায়গাটি প্রায়শই ভাঙ্গে। ক' মাস আগেও ভাঙ্গার পর মেরামত করা হয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুড়ঙ্গ তৈরি হয়ছে।
সিপাইকান্দি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, এই ভাঙা সুড়ঙ্গ যদি দ্রুত সংস্কার না হয়, তাহলে আস্তে আস্তে ভেঙে সড়কটি পুরো ভেঙে যাবে। প্রায় সময় এই জায়গায় সুড়ঙ্গ তৈরি হয়। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো।
রিকশা চালক সাত্তার প্রধান বলেন, "বৃষ্টি হলেই এইখান দিয়া ভাইঙ্গা যায়। রাস্তার এই অবস্থা দিয়া আমরা রিকশা চালাইতেও ভয় পাই। যদি গাড়ি উল্টাইয়া পইরা বিপদ হইয়া যায়! রাস্তাটি ঠিক করা খুবই দরকার।"
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, বৃষ্টির কারণে সড়কটি ভেঙে সুড়ঙ্গ হয়েছে। জায়গাটি সরজমিনে পরিদর্শন করেছি। মেরামতের কাজ শুরু হয়েছে।








