প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০:২০
নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (৬ জুলাই ২০২৬) জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ক্ষুদ্রঋণের চেক, গাছের চারা ও সফল উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
|আরো খবর
এছাড়া চাঁদপুর সদর ইউসিসিএ লি.-এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে এবং তাদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এসব কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর সদর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. জসীম উদ্দীন খান বাবুল।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁদপুরের উপপরিচালক মো. আল-আমিন।
আলোচনা সভায় বিআরডিবির সুফলভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাগাদী নানুপুর কৃষক সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন খান এবং তরপুরচণ্ডী বিত্তহীন মহিলা দলের ম্যানেজার সাবানী বেগম।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য এবং পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ছবি ক্যাপশন : চাঁদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে গাছের চারা এবং অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।








