প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২০:৪০
ডাব পাড়তে গিয়ে হামলার শিকার কলেজ শিক্ষার্থীসহ দুজন
নারকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষার্থী ও তার বৃদ্ধা মা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামের।
|আরো খবর
হামলার শিকার ও লিখিত অভিযোগকারী হোসনেয়ারা বেগম জানান, পূর্ব সন্তোষপুর গ্রামের হাবিব উল্ল্যাহ বেপারী বাড়ি আমাদের। আমার শ্বশুরের সামান্য জমি এওয়াজ বদলকে কেন্দ্র করে একই বাড়ির এমরান হোসেনদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। আমরা তাদের দাবির চেয়েও বেশি সম্পত্তি দিয়েছি। কিন্তু গত ৩০ জুন আমি আমার সম্পত্তির মধ্যে থাকা নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গেলে এমরান হোসেন আমাকে বাধা দিয়ে হুমকি-ধমকি দেয় এবং মামলার হুমকি দেয়। এই ঘটনায় আমি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। ফলে রোববার (৫ জুলাই ২০২৬) সকালে লোক দিয়ে আমার রোপণ করা নারকেল গাছ থেকে ডাব পাড়তে গেলে এমরান ও তার পরিবারের সদস্যরা আবারো আমাদের বাধা দেয়। এক পর্যায়ে আমার ওপর হামলা করে এমরান ও তার লোকজন । আমাকে বাঁচাতে আমার কলেজ পড়ুয়া মেয়ে কলি এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে তারা। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন ও গলার স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে আহত অবস্থায় আমরা ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই। এমরান প্রবাস থেকে এসে জোর জবরদস্তি করে আমাদের সম্পদ দখলের চেষ্টা করছে।
অন্যদিকে এমরান হোসেন জানান, আমরা এওয়াজ বদলের সম্পত্তি বুঝে পাই নি। ইতঃপূর্বে থানায় দায়েরকৃত অভিযোগ নিষ্পত্তি না হতেই তারা পুনরায় নারকেল পাড়তে আসলে আমি বাধা দেই। এই ঘটনায় আমি আদালতে অভিযোগ দায়ের করেছি।








