প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২১:৫২
জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি

চাঁদপুর জেলায় তিনদিনব্যাপী (১৮-২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২-৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ) নানান আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলবর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ২ জুলাই থেকে শুরু হওয়া এ আয়োজন শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
|আরো খবর
জেলার শিল্পীদের অংশগ্রহণে সমবেত সংগীত, একক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। এর আগে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দু শতাধিক প্রতিযোগীর মধ্যে বিজয়ী ২৭জনকে সনদ ও বইসহ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সহধর্মিণী মুনিরা আহমেদ।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপ্রধানে ও সাংবাদিক ফারুক আহম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া, জাসাসের জেলা সাধারণ সম্পাদক মোবারক শিকদারসহ অন্যরা।
এছাড়া জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জেলায় নজরুলবর্ষ উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এতে কবি নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
জেলা প্রশাসকসহ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও প্রতিযোগিতা দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ এবং সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুলবর্ষ (২০২৬-২০২৭) উদ্বোধন করা হয়।
ছবি ক্যাপশন-
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুলবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সহধর্মিণী মুনিরা আহমেদ।








