মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০১:৩৩

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে সোমবার (২৯ জুন) বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে ফলদ, বনজ, ঔষধি, ছায়াদানকারী ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

সরকার ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্যে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চলতি মাসজুড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ প্রসঙ্গে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন,

“মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের বিদ্যালয় ও কলেজের খালি জায়গাগুলোতে ফলদ, বনজ, ঔষধি, ছায়াদানকারী ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করছি। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সোলেমান, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান, শিক্ষক মো. হাবিবুর রহমান, অজয় চন্দ্র দে প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে গাছের চারা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেন।

বৃক্ষরোপণের এই কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীরা যেসব স্লোগান সম্বলিত প্লে কার্ড বহন করে, সেগুলো হচ্ছে :

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই; একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশ মহান;

আজকের চারা, আগামীর ভরসা;

বেশি বেশি গাছ লাগান, সুস্থ সুন্দর জীবন পান;

বৃক্ষই জীবন, বৃক্ষই সম্পদ; সবুজ পৃথিবী গড়তে চাই, সবাই মিলে গাছ লাগাই; গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে;

একটি গাছ কাটলে দশটি গাছ লাগান; সবুজে ঘেরা হোক দেশ, নির্মল হোক পরিবেশ; বৃক্ষরোপণ হোক আন্দোলন, রক্ষা পাক আগামী প্রজন্ম।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়