মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০০:৪২

হাজী সিদ্দিকুর রহমান ও পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি
হাজী সিদ্দিকুর রহমান ও পাঁচআনি উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ
ছবি: বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মনজুর আমিন স্বপন ও পাঁচআনি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহম্মেদ মিয়া।

দেশজুড়ে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে মতলব উত্তরের দুটি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পরিবেশ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

'গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে' এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার হাজী সিদ্দিকুর রহমান ও পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ জুন ২০২৬) সকালে উপজেলার হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মনজুর আমিন স্বপন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোশারফ হোসেন, মোজাম্মেল হক, হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া মনজুর আমিন স্বপন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে কার্যকর ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

আলোচনা সভাশেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একইদিন সকালে পাঁচআনি উচ্চ বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তোফায়েল আহম্মেদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

২৯ জুন দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় পাঁচআনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক একটি র‍্যালি বিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। 'Save Nature, Save Humanity' সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে র‍্যালিতে অংশ নিতে দেখা যায়।

আয়োজকদের ভাষ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়