প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:৪২
সমালোচিত ডিজিএম সাইফুল আলম মুক্ত হলো ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ

নারী কেলেঙ্কারী, স্বেচ্ছাচারিতা, গ্রাহকের সাথে দুর্ব্যবহারসহ নানা কারণে সমালোচিত এবং সর্বশেষ নিজ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদের মুখে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. সাইফুল আলম বদলি হয়েছেন।
|আরো খবর
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পদায়ন/স্থানান্তর সংক্রান্ত অফিস আদেশ (স্মারক নং ১২৭২, তাং ২৯/৬/২০২৬) অনুযায়ী ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া পবিসে বদলি করা হয়েছে। বিষয়টি সোমবার (২৯ জুন ২০২৬) বিকেলে নিশ্চিত করেছেন জোনাল অফিসের এজিএম (কম) নাজির উল্যা। একই সাথে নতুন ডিজিএম না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর-কারিগরি) প্রকৌ. ইউনুস আলী।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ক'দিন পূর্বে নারী কেলেঙ্কারীর অভিযোগে জনরোষের শিকার হন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. সাইফুল আলম। তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হলে পুরো উপজেলায় ছি ছি রব ওঠে। কর্তৃপক্ষ তাকে ফরিদগঞ্জ থেকে সরিয়ে না নেয়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া তার স্বেচ্ছাচারী আচরণের কারণে বিক্ষুব্ধ বিদ্যুতের সাধারণ গ্রাহক এবং বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা।
সর্বশেষ তার স্বেচ্ছাচারী আদেশে গত ২৮ জুন ২০২৬ তারিখে মামলাজনিত কারণ দেখিয়ে বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা ধানুয়া এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অবরুদ্ধ ও হামলার শিকার হন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের পল্লী বিদ্যুতের কর্মীরা। তারা রোববার (২৮ জুন ২০২৬) বিকেলে ডিজিএম সাইফুল ইসলামকে নিজের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ সময়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা অভিযোগ করে বলেন, গত ক'দিনে গ্রাহকদের সাথে সৃষ্ট ঘটনার জন্যে ডিজিএম এককভাবে দায়ী। তার স্বেচ্ছাচারিতার কারণে লোকজন আমাদের ওপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সংবাদ পেয়ে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর জিএম মো. আতিকুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে যান, পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে কথা বলেন। পরে কর্মীদের দাবির মুখে ডিজিএমকে এখান থেকে সরিয়ে নেয়ার আশ্বাস দিলে অবরোধ মুক্ত হন তিনি।
এ ব্যাপারে জোনাল অফিসের এজিএম (কম) নাজির উল্যা জানান, ডিজিএম মো. সাইফুল আলম বদলি হয়েছেন। বর্তমানে নতুন ডিজিএম না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন ডেপুটি জেনারেল ম্যানেজার (সদর-কারিগরি) প্রকৌ. ইউনুস আলী।








