প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১২:১৬
কচুয়ায় সিঁদ কেটে চুরি, বৃদ্ধাকে জবাই করে হত্যা

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে চুরির উদ্দেশ্যে মিয়াজী বাড়ির একটি ঘরে প্রবেশ করে বৃদ্ধাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন ২০২৬) রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
|আরো খবর
নিহত বৃদ্ধা ফাতেমা বেগম (৭৫) উপজেলার বেরকোটা গ্রামের মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী। নিহতের তিন ছেলে ও দু মেয়ে রয়েছে। তন্মধ্যে দু ছেলে সৌদি প্রবাসী। তিনি একাই তার মেঝো ছেলের ঘরে থাকতেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের পেছন দিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে।
এ সময় ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যদের ধারণা, চোর চক্রের সদস্যরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। এ কারণে নিজেদের পরিচয় গোপন রাখতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এমন নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।








