প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:৩৪
বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন তপদারের ইন্তেকাল
ইউনিয়ন বিএনপির শোক

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন তপদার আর নেই। গত ২৬ জুন ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মৃত্যুকালে তিনি দু ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ২নং আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বাবুরহাট বাজারে একজন সৎ, নিষ্ঠাবান ও সফল ব্যবসায়ী হিসেবে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ৮টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ময়দানখোলা তপদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়দের মতে, জাকির হোসেন তপদার ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ। সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২নং আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. ইউসুফ মিন্টু মিজি এবং সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন। এক শোকবার্তায় তারা বলেন, “জাকির হোসেন তপদার বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, কর্মঠ ও ভালো মনের মানুষ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা আশ্বস্ত করেন, এই কঠিন সময়ে ইউনিয়ন বিএনপি সবসময় মরহুমের পরিবারের পাশে থাকবে।







