প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:০৪
মতলব উত্তরে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দু মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন-২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র দাস, এসআই মো. মাহফুজুর রহমান, এএসআই (নিরস্ত্র) মো. রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
|আরো খবর
অভিযানের এক পর্যায়ে কাশিমনগর এলাকার বকাউল বাড়ি থেকে মৃত আকরাম আলীর ছেলে মো. রহমত বকাউল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে মৃত আলী হোসেন প্রধানের ছেলে মিজানুর রহমান (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিমনগর গ্রামের প্রধান বাড়ির বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।







