প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৮:৩০
চাঁদপুরে ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনের প্রস্তুতি

২৬ জুন ২০২৬ শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬' উদযাপিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানসূচি ঘোষণা করেছে।
|আরো খবর
চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় (জুডিসিয়াল মুন্সিখানা) থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ জুন মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওইদিন সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখভাগ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করার জন্যে বিনীত অনুরোধ জানিয়েছেন। দিবসটি উদযাপনে সার্বিক সহায়তায় থাকছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর।








