প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৯:৫২
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ ও দোয়া

চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন ২০২৬) কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ দু বছরের শিক্ষাজীবন শেষে প্রিয় ক্যাম্পাস থেকে বিদায়ের ক্ষণে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং এই কলেজের মুখ উজ্জ্বল করবে। তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব সঠিকমতো পালন করবে এবং ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে। দেশ, পরিবার ও সমাজ তোমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বেশ ক'জন বক্তব্য রাখেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাহফুজুর রহমান।
শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্নেহাশীষ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস। আসন্ন পরীক্ষার নানা খুঁটিনাটি ও অত্যন্ত জরুরি দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন সহকারী অধ্যাপক হুমায়ুন কবির।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মাসুম পাটোয়ারী। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্কুল শাখার সহকারী শিক্ষক কারী হজরত আলী।
অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি সদস্য মো. মাসুদ পালোয়ান, সরকারী অধ্যাপক মাসুদুর রহমান, প্রণব কুমার দে, নাসরিন আক্তার, সাবিনা ইয়াসমিন, নাজনিন সুলতানা, প্রভাষক রাসেল মিয়া, ফারজানা ইয়াসমিন রুনা, ফরিদা ইয়াসমিন, নুসরাত জাহান, তাহামিনা ইয়াসমিন রুপু, নূর মোহাম্মদ, শাহ নেয়ামত উল্লাহ, মেহেদী হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাহিদুল হাসান এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে অগ্রজদের শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন কাদের কাজী।
সব মিলিয়ে অশ্রুসজল চোখ আর আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে শেষ হয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এই বিদায় অনুষ্ঠান।







