প্রকাশ : ২০ জুন ২০২৬, ০০:০৪
নীলকমলে সড়ক নির্মাণ কাজ উদ্বোধনকালে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে
কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না

'কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গাফিলতি বরদাশত করা হবে না'। উন্নয়ন কাজ নিয়ে এভাবেই হুঁশিয়ার করে দিলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। তিনি হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
|আরো খবর
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে 'গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ' (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ১৫০০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শুক্রবার (১৯ জুন ২০২৬) দুপুর ১২টায় নীলকমল ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধনকালে তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। গ্রামীণ জনপদের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও টেকসই করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নীলকমল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়নকারীদের সতর্ক করে দিয়ে বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, হাইমচরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও হাইমচর উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ। পরে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন এবং কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।







