প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২১:০৯
জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ এটি আহমেদ হোসাইন রুশদীর ৫১তম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বহু প্রতিষ্ঠানের রূপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর ৫১তম মৃত্যুবার্ষিকী শনিবার (২০ জুন ২০২৬)। তিনি ১৯৭৫ সালের এইদিনে ঢাকা হ্যালি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও দিনব্যাপী বিভিন্ন কর্সসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ২০ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত, কবর জিয়ারত শেষে কলেজ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় স্মরণসভা। সর্বশেষ দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে৷
মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। শিক্ষা প্রসারে তিনি নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন। গড়ে তুলেছেন শাহতলী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান।
তিনি শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী দাখিল মাদ্রাসা, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়, হামানকর্দ্দিতে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর আগরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও মাধ্যমিক বিদ্যালয়, লাকসাম উচ্চ বিদ্যালয় ও ঢাকার দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
এছাড়া শাহ্তলী অঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করেন। তিনি চাঁদপুর জেলা ও বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন। তাঁর নিজের এলাকায় মানুষদের নিরক্ষর মুক্ত রাখার জন্যে তিনি এ মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তাঁর ছিলো অক্লান্ত, অফুরন্ত পরিশ্রম। এজন্যে তিনি জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে সফল হয়েছেন। শিক্ষা বিস্তারে অবদান রাখায় তৎকালীন সরকার তাঁকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।
উল্লেখ্য, মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর দাদা।
সূত্র : দৈনিক চাঁদপুর খবর।







