শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:৫৪

মহামায়ায় প্রভাতের মাদকবিরোধী সমাবেশে পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারি

হয় পুলিশ থাকবে, না হয় মাদক কারবারি থাকবে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হয় পুলিশ থাকবে, না হয় মাদক কারবারি থাকবে
ক্যাপসান : প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উবিতে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান।

মাদকসেবী ও মাদক কারবারিদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি মাদকের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, হয় পুলিশ থাকবে, না হয় মাদক কারবারি থাকবে। মাদক সংশ্লিষ্টদের এই সমাজে ঠাঁই হবে না বলেও পুলিশ সুপার হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় একটি

মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালিতে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানের বিষয় জানান দেন।

স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় এই

মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়ে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকালে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সন্ধ্যার পর সন্তানরা যেনো বাইরে না থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। মাদক, বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে। মেয়েদেরকেই বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে৷ তাদের হাতে মোবাইল ফোন দেয়া যাবে না। বেশি প্রয়োজন হলে বাটন ফোন ব্যবহার করতে পারে। মাদক বাল্য বিবাহের বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরাই আমাদের প্রধান ইনভেস্টমেন্ট। পিতা-মাতা ও গুরুজনদের কথা শুনতে হবে, এলাকার মুরব্বিদের কথা শুনতে হবে।

তিনি আরো বলেন, এই সমাজে মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না। হয় পুলিশ থাকবে, না হয় মাদক কারবারি থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করে ছাড়বোই ইনশাআল্লাহ। আমাদের পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান করছে। আপনারা তথ্য দিন, আমরা তাদের ধরে নিয়ে আসবো। আপনারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ধরে আমাদের খবর দিন, আমরা আইনগত ব্যবস্থা নেবো। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। চাঁদাবাজদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো। কিশোর গ্যাংকে সংশোধনের জন্যে তাবলীগে পাঠাবো। রিহ্যাবে গিয়ে পথভ্রষ্টরা ভালো হয় না, তাবলীগে পাঠালে ভালো হবে। আল্লাহ যখন মানুষকে দুনিয়ায় পাঠাইছে, সাথে সাথে তার রিজিকের ব্যবস্থাও করেছে। তাই মাদক কারবারিরা ভালো হয়ে আসলে প্রয়োজনে তাদেরকে একটি কর্মসংস্থানের জন্যে চেষ্টা করে দিবো।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। যে যার অবস্থান থেকে রুখে দাঁড়ালে এ সমাজ থেকে মাদক ব্যবসায়ীরা চলে যেতে বাধ্য হবে। প্রভাতের মতো এমন সুন্দর আয়োজন যদি প্রতিটি এলাকায় করা হয় তাহলে মাদক ও কিশোর গ্যাং অনেকটা ভয় পাবে। পুলিশের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্ত অবস্থান নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে মাদক বিক্রেতা ও সেবনকারীদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আপনারা এতো সুন্দর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যে।

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজীর স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার মাহির আসেফ, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আবু তাহের খোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার সমসাময়িক অপরাধ কর্মকাণ্ড তুলে ধরেন মহামায়া ক্রীড়া চক্রের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আফসার ইয়ামিন রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল ও যুবদল নেতা নাছির হাজী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নিগার সুলতানা রিয়া ও মো. সাহেদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, যুবদল নেতা শওকত কারী, মান্দারী ইসলাহুল উম্মাহ সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদির, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সামাজিক ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ।

অনুষ্ঠানের শুরুতে

মাদকবিরোধী সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা ও মহামায়া ক্রীড়া চক্রের সদস্যরা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহামায়া হানাফিয়া উবির সহকারী শিক্ষক আব্দুল কাদির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়