সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২১:২৪

চাঁদপুর রোটারী ক্লাবের সভায় পিডিজি ড. ইশতিয়াক এ জামান

চাঁদপুর রোটারী ক্লাব এখন দেশের অন্যতম সেরা ক্লাব

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাব এখন দেশের অন্যতম সেরা ক্লাব

রোটারী আন্দোলনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক এ জামানের সঙ্গে চাঁদপুর রোটারী ক্লাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোটারীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রোববার (১৪ জুন ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাবের নিজস্ব ভবন ডা. নুরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক জেলা গভর্নর (পিডিজি) ড. ইশতিয়াক এ জামান বলেন, চাঁদপুর রোটারী ক্লাব বাংলাদেশের সপ্তম প্রতিষ্ঠিত রোটারী ক্লাব হলেও বর্তমান কার্যক্রম, সেবামূলক উদ্যোগ এবং সাংগঠনিক দক্ষতার বিচারে আমি মনে করি এটি এখন দেশের অন্যতম সেরা ক্লাব। ক্লাবটির সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়ার নেতৃত্বে এ বছরে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্লাবটি মানুষের পাশে দাঁড়িয়েছে। এসব উদ্যোগ রোটারীর মূল আদর্শ ‘সেবাই পরম ধর্ম’-এর বাস্তব প্রতিফলন।

তিনি ক্লাবের বর্তমান বোর্ড সদস্যদের প্রশংসা করে বলেন, একটি ক্লাবের সফলতা শুধু সভাপতির ওপর নির্ভর করে না, বরং পুরো বোর্ড ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তা অর্জিত হয়। চাঁদপুর রোটারী ক্লাবের এ বছরের বোর্ড সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন বলেই এতোগুলো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

ড. ইশতিয়াক এ জামান রোটারী ডিস্ট্রিক্টের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার জন্যে ক্লাব সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ডিস্ট্রিক্ট পর্যায়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে চাঁদপুর রোটারী ক্লাব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এ ক্ষেত্রে মোস্তফা ফুল মিয়ার ভূমিকা প্রশংসার দাবিদার।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়া। তিনি তাঁর বক্তব্যে ক্লাবের চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন প্রকল্পের তথ্য তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, রোটারী একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

সভা সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সভাপতি শাহেদুল হক মোর্শেদ। তিনি রোটারী ক্লাবের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে অতিথিদের স্বাগত জানান। সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সদস্য অ্যাড. ইকবাল-বিন-বাশার, সাবেক সভাপতি তমাল কুমার ঘোষ, কাজী শাহাদাত, অধ্যাপক মো. জাকির হোসেন, ডা. এমজি ফারুক ভূঁইয়া, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাড. পলাশ মজুমদার, প্রেসিডেন্ট নমিনি উজ্জ্বল হোসাইন ও বর্তমান সেক্রেটারী নাজিমুল ইসলাম এমিল।

বক্তারা তাঁদের বক্তব্যে রোটারী ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর উন্নয়নে রোটারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ, বিশুদ্ধ পানি সরবরাহ, দুর্যোগকালীন সহায়তা এবং যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে রোটারী ইতোমধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

তারা আরও বলেন, রোটারী শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক পরিবার। এই পরিবারের সদস্যরা নিজেদের সামর্থ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় উপস্থিত সদস্যরা রোটারীর বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য বৃদ্ধি, নতুন প্রজেক্ট গ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।

সভায় ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান বোর্ড সদস্য, অতিথিবৃন্দ, সাধারণ সদস্য, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টররা উপস্থিত ছিলেন।

সকলের প্রাণবন্ত অংশগ্রহণে সভাটি একটি ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আলোচনায় সমৃদ্ধ হয়।

সভাশেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, কান্ট্রি কো-অর্ডিনেটরের মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে চাঁদপুর রোটারী ক্লাব ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং রোটারীর আদর্শ বাস্তবায়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

রোটারী নেতৃবৃন্দের মতে, এ ধরনের মতবিনিময় সভা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মস্পৃহা বৃদ্ধি করে। একই সঙ্গে আন্তর্জাতিক রোটারীর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় ক্লাবগুলোর ভূমিকা আরও শক্তিশালী করতে সহায়তা করে। চাঁদপুর রোটারী ক্লাবের এ আয়োজন সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়