সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২৩:৫২

মাওলানা নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ সানাউল হক।।
মাওলানা নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা মুখলেসিয়া দ্বীনীয়া মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ও এর পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালেহীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা মাওলানা নজরুল ইসলাম সালেহীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিহত শিক্ষার্থী আরাফাতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। বৃহস্পতিবার বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শাকতলা মুখলেসিয়া দ্বীনীয়া মাদ্রাসা ও এর পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালেহীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, প্রকৃত ঘটনার সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও একটি মহল ব্যক্তিগত আক্রোশ ও পূর্বশত্রুতার জেরে ভিত্তিহীন অভিযোগ এনে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

বক্তারা বলেন, হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালেহীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি একটি ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন শিক্ষার্থীটি গোসল করতে গেলে এক ব্যক্তি তাকে পানির নিচে চেপে ধরলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে। পরে অন্যান্য শিক্ষার্থী বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করলে শিক্ষকরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বক্তারা দাবি করেন, একটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ও এর পরিচালকের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জমিয়তে হিজবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান সাইফুল্লাহ, চাঁদপুর জেলা জমিয়তে হিজবুল্লাহর তালিম সম্পাদক আলহাজ মাওলানা মো. আব্দুল মালেক, ভাটিয়ালপুর ঈদগাহ জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মুহাম্মদ ইসমাইল হোসেন, মুফতি আহসান উল্লাহ নেসারী, মাওলানা মো. হাবিবুর রহমান মোহেব্বী, হাফেজ মাওলানা মহসিন খান, হাফেজ সাইফুল ইসলাম, হাজী মো. বিল্লাল হোসেন গাজী, সৈয়দ আহমদ রাড়ী, ফরহাদ হোসেন রিপন ও মোফাজ্জল হোসেন পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ রসু মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়