প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩:৩২
ডাকাতিয়া নদীতে ডুবে মৃত্যু প্রতিরোধে করণীয় নিয়ে বিশেষ সভা

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত ৬জন নদীতে ডুবে মারা গেছে। এটি স্থানীয় বাসিন্দাদের জন্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মৃত্যুরোধে বৃহস্পতিবার (১১জুন ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সুধীসমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভায় সাম্প্রতিক প্রাণহানিগুলোর মূল কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় চাঁদপুর তিন নদীর মিলনস্থল থেকে ডাকাতিয়া নদীর ৮ কি.মি. পর্যন্ত বিপজ্জনক স্থানে বেশিরভাগ পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানানো হয়। এ কারণে সভায় বিপজ্জনক আটটি স্থানে 'বিপদজনক' লিখা সংবলিত সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করা হবে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হবে। সিভিল সার্জন অফিসের মাধ্যমে স্টেক হোল্ডারদের সিপিআর ট্রেনিং দেওয়া হবে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে জুমার নামাজে ইমামদের দ্বারা মুসল্লিদের সচেতন করা হবে, সাঁতার শেখার জন্যে পৌরসভা ও রেড ক্রিসেন্টের সমন্বয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সহকারী কমিশনার তানভীর রাব্বী, সাজিদ হক, অতিরিক্ত নৌ-পুলিশ পুলিশ সুপার, বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট প্রতিনিধি প্রমুখ।








