প্রকাশ : ১০ জুন ২০২৬, ২২:৪৬
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগে অভিযান।। দু প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করতে চাঁদপুরে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের আ. করিম পাটওয়ারী সড়ক ও ঘোষপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন খাবারের দোকান, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আল শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করে ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ল্যাব টেকনোলজিস্টের স্বাক্ষরের স্থলে অন্য ব্যক্তি স্বাক্ষর প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে এক ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে পরিচালিত তদন্তে 'ওয়েলকাম সুপার শপ' থেকে বিক্রিত বেবি ওরসে পোকা পাওয়া যাওয়ার সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সুপার শপ কর্তৃপক্ষের দেয়া ক্যাশ মেমোর তথ্যের ভিত্তিতে নিম্নমানের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
অভিযান পরিচালনায় চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারি নজরদারি জোরদার হওয়ায় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে অনিয়ম কমবে এবং নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত হবে।








