মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৬:১১

ফরিদগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

আগামীর প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে জানান, এক সময়ের শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা বালিথুবা পশ্চিম ইউনিয়ন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এই ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর প্রতীকধারী মুক্তিযোদ্ধা এবং সরকারি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থাকা বেশ ক'জন সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদাসম্পন্ন লোকজনের জন্মস্থান। কিন্তু এই স্বনামধন্য জনপদটি মাদকের আগ্রাসনে আক্রান্ত। বিশেষ করে ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ। ওই গ্রামের বরকন্দাজ বাড়ির একটি পরিবারের প্রায় সকলে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি ওই পরিবারের দুজন সদস্য মাদকসহ আটক হলেও ক'দিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে এসে আবারো ওই ব্যবসা শুরু করেছে। তাদের এই ব্যবসার বিরুদ্ধে কিছু বললে তারা নিজেরা মারধর করে এবং হত্যা ও গুমের হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে ওই বাড়ির নারী পুরুষসহ এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে। এই মানববন্ধনে দাঁড়িয়ে তারা অবিলম্বে মাদক ব্যবসার সাথে জড়িত মাহবুব, আলমগীর, আব্দুল্যাহ, রুবি, হাসিনাসহ সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার সাথে সাথে পুরো ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম।

উল্লেখ্য, গত ৩১ মে রোববার উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে থানা পুলিশ মাদকের চালানসহ চিহ্নিত ক'জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক তথা ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ২০ হাজার পিস এমন গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য কৌশলে ভাইরাল হয়। যদিও ওই রাতে থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে পুলিশ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো : মদনেরগাঁও গ্রামের আরিফুর রহমানের ছেলে মিঠুন পাটোয়ারী (৩৫) ও মৃত শাখাওয়াত হোসেনের ছেলে খাদেমুল ইসলাম বাবু (৩৭), পার্শ্ববর্তী রায়পুর উপজেলার রশিদ মিয়ার ছেলে মনির শেখ (২৮) এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আলী মিয়ার ছেলে আনিছুর রহমান (২২)। পুলিশ ওই সময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়