রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০:৪০

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়ার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলমগীর তালুকদার
জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কচুয়ার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কচুয়ার ঐতিহ্যবাহী ৬৭নং পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও ডিজিটাল শ্রেণিকক্ষ পরিচালনা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার্থীদের লেখাপড়া ও সৃজনশীল কাজের দক্ষতা, শিখন শেখানো কার্যক্রম, ঝরেপড়া শিক্ষার্থীর হার কমানো, সন্তোষজনক ফলাফল অর্জন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন সূচকে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিদ্যালয়টি জেলার এই শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলার ৮ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যকার প্রতিযোগিতায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর যাচাই-বাছাই সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ জেলার আট উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের পাঠদানের বিষয় নিশ্চিত করেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম জানান, শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে নিয়মিত মা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাছাড়া শিক্ষার্থী ও বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয় । ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের মানবিক, দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এই স্বীকৃতি আমাদের আগামীদিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম মজুমদার এবং শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। অভিভাবকদের মতে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোহাম্মদ খোরশেদ আলম মজুমদার বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ফলাফলে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি অর্জনে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা বলেন, এই ঐতিহাসিক অর্জনের জন্যে আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

এ অর্জনে বিদ্যালয় ও আশপাশের এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়