প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৭:০২
ফরিদগঞ্জের সাইসাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জে বজ্রপাতে নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবী হোসেন মিজি ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। পেশায় দিনমজুর নবী হোসেন মিজির ৩ মাস বয়সী ফারজানা নামে এক কন্যা সন্তান রয়েছে।
|আরো খবর
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় নবী হোসেন মিজি পার্শ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ধান ক্ষেতের পাশ দিয়ে বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে তিনি লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








