বুধবার, ০৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২০:৫৯

হত্যার শিকার কিশোর ইয়াসিনের লাশ নিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
হত্যার শিকার কিশোর ইয়াসিনের লাশ নিয়ে বিক্ষোভ
নিহত কিশোর ইয়াসিনের লাশ নিয়ে বিক্ষোভ।

দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় হত্যার শিকার কিশোর ইয়াছিনের (১৪) লাশ নিয়ে বুধবার (৩ জুন ২০২৬) দুপুরে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার সকালে ৭জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করেন ইয়াসিনের মা আম্বিয়া বেগম। এতে প্রধান অভিযুক্তের বয়স ১৮ উল্লেখ করা হলেও পরিবার ও স্থানীয় বাসিন্দারা বলছেন, অভিযুক্ত কিশোর বয়সী এবং ঘটনার পর থেকে সে পলাতক।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে এলাকার একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে অভিযুক্ত ওই কিশোরের সঙ্গে আরেকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর শুরু করে অভিযুক্ত কিশোর। এ সময় অভিযুক্ত কিশোরের কাছে গিয়ে মারধরের কারণ জানতে চায় ইয়াসিন। একপর্যায়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় কয়েকটি আঘাত করে অভিযুক্ত কিশোর। পরে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আসামিদের ধরতে অভিযান চলছে।’ সূত্র : প্রথম আলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়