প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৬:২০
মতলব উত্তরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) উপজেলার চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমি'র অডিটরিয়ামে অনুষ্ঠিত ৫ম শ্রেণী ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এসইএল মেধাবৃত্তি এবং ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তি প্রাপ্তদের সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয় ।
প্রাথমিক স্তরের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং
মাধ্যমিক স্তরের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক পরীক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।
এসইএল মডেল একাডেমীর অধ্যক্ষ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, এসইএল মডেল একাডেমী পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব।
এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক ইসমাঈল হোসেন মুন্সী, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছবির উদ্দিন আহমেদ, অভিভাবক কামাল হোসেন খান, এসইএল মডেল একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক বেলাল হুসাইন, অভিভাবক ফরিদ উদ্দিন সরকার, নুরুজ্জামান, ৫ম শ্রেণীর মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখন এসইএল মডেল একাডেমীর সহকারী শিক্ষক সাকিব হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই তোমরা মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে চেষ্টা করবে--এটা আমার বিশ্বাস।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনার সন্তানকে শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবেই তৈরি করলে চলবে না। তাদেরকে মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। আর সন্তানকে যদি সত্যিকার অর্থে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, তবে আপনার সন্তানকে আর পেছনে তাকাতে হবে না। সে আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপকারেই আসবে। তাকে দিয়ে সমাজ ও রাষ্ট্রের কোনো ধরনের ক্ষতি হবে না সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন।








