প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৩:৩২
ওয়্যারলেস বাজারে হামলার জেরে আগুন, পুড়লো কয়েকটি দোকান
ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, হতাহত নেই

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে ইজারাদারদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, রোববার (২৪ মে ২০২৬) রাত সোয়া ৮টার দিকে ২ থেকে ৩শ’ লোকের একটি অস্ত্রধারী গ্রুপ ওয়্যারলেস বাজারে গিয়ে পুলিশের সামনেই কয়েকটি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বাজারের কয়েকটি দোকান পুড়ে যায় এবং পাশের মাদরাসাসহ আশপাশের অন্যান্য দোকানেরও ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্র জানায়, এদিন বিকেলে ওয়্যারলেস বাজার ইজারা নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এরই জেরে রাতের দিকে সংঘবদ্ধ একটি দল বাজার এলাকায় এসে অতর্কিতভাবে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। দোকানিরা যার যার মতো মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস ও পুরাণবাজার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সময় ওয়্যারলেস এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। উৎসুক জনতার ভিড় ও আতঙ্কে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
চাঁদপুর সদর ওয়্যারলেস বাজারে আগুনের ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন।
এদিকে ঘটনার পর পু্রো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত করছে বলে জানা গেছে।








