প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১:৫৪
ওয়্যারলেস বাজারের ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম
চাঁদা দাবির অভিযোগ

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ৬জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চাঁদাবাজরা। দাবিকৃত চাঁদা না দেয়ায় এই হামলা বলে আহতদের অভিযোগ। রোববার (২৪ মে ২০২৬) বিকেল ৪টায় ওয়্যারলেস বাজারে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওয়্যারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০) ও সামির (২৫)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার এসআই জাহেদ হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে অবগত হন।
|আরো খবর
ইজারাদার সফিক গাজী জানান, চাঁদপুর পৌরসভার সকল নিয়ম মেনে ওয়্যারলেস বাজারের ইজারা নেয়া হয়। বাজারের পাশের বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী, রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় অবৈধভাবে দোকান উঠিয়ে দেয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীরা আমাদেরকে বিষয়টি অবগত করলে আমি ও মিশু সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের ব্যক্তির ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাটি শুনতে পেয়ে ওয়্যারলেস বাজারে পুলিশ পাঠানো হয়। পরে আহতরা চলে আসায় পুলিশ হাসপাতালে যায় এবং খোঁজ খবর নেয়। তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে সম্পৃক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।








