প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:১৭
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কৃষকরাই দেশের মেরুদণ্ড, তাদের উন্নয়নে সরকার কাজ করছে
-----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
|আরো খবর
২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পর আওতায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মাঝে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম বিতরণ করা হয়।
বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে : ৭টি ভুট্টা মাড়াই যন্ত্র, ১৩টি এলএলপি ও ফিতা পাইপ, ১০টি হ্যান্ড স্প্রেয়ার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, আজকে যারা কৃষক, তারা আমাদের দেশের মেরুদণ্ড। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই বাংলাদেশের ১৮ কোটি মানুষ কৃষিপণ্য পাচ্ছে এবং আমাদের জীবিকা সচল রয়েছে। কৃষকদের সহায়তায় সরকার আজ এই কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে।
তিনি আরো বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যন্ত্রগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং করতে হয় তা নিয়মিতভাবে করবেন। তাহলে যন্ত্রগুলো ১০ থেকে ১৫ বছর পর্যন্ত টেকসই হবে। ধাপে ধাপে আরও যন্ত্রাংশ আপনাদের মাঝে দেয়া হবে। আপনারা সততার সাথে সাধারণ কৃষকদের এই যন্ত্রের মাধ্যমে উপকৃত করবেন।
তিনি বলেন, সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে, সে মূল্যেই মাড়াই কার্যক্রম পরিচালনা করবেন। অনেক সময় দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা নেয়া হয়। সরকার যাচাই-বাছাই করেই মূল্য নির্ধারণ করে। কয়েকজন কৃষক একত্রিত হয়ে অ্যাসোসিয়েশন গঠন করে এই উপকরণ পেয়েছেন, এটি একটি ভালো উদ্যোগ। আপনারা যদি সততা ও সঠিকভাবে এই যন্ত্র পরিচালনা করেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে আরও যন্ত্রপাতি আনার ব্যবস্থা করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে। তিনি কৃষকদের সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তপন রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সালসহ অন্যরা।
এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণী, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যরা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
ডিসিকে /এমজেডএইচ








