প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:৪১
হাইমচরে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মৎস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

হাইমচর উপজেলায় মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) উপজেলার চরভাঙ্গা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।
মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজিত এ প্রশিক্ষণে মতলব দক্ষিণ উপজেলা থেকে অর্ধ শতাধিক অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। কর্মশালায় মাছ চাষের লাভজনক পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়াও মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্যের সঠিক বণ্টন, মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের অফিসার (সেলস) জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ। প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ সুজন বর্মন।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্যে হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।অংশগ্রহণকারী চাষীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলেও তারা মত দেন।
কর্মশালাশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও খামারিদের স্বাবলম্বী করে তুলতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।







