প্রকাশ : ২১ মে ২০২৬, ২৩:১৪
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে

২৮ মে ২০২৬) বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এবার ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি হবে সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয়টি হবে সকাল ৮ টায় এবং তৃতীয় জামাত হবে সকাল ১০টায়। প্রথম জামাতে নামাজ পড়াবেন হাফেজ মাও. আনাছ আহমেদ, দ্বিতীয় জামাতে নামাজ পড়াবেন হাফেজ মাওলানা মুফতি এমদাদউল্লাহ এবং তৃতীয় জামাতে নামাজ পড়াবেন হাফেজ মাও. মুফতি এমদাদ উল্লাহ (জুনিয়র)।
|আরো খবর
প্রতিবছরের ন্যায় এবারো চাঁদপুর জেলার সর্ববৃহৎ, প্রাচীন ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। হাজী আহমেদ আলী পাটওয়ারী (রহ.)-এর এস্টেট ও মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় ও ইফার সকল নির্দেশনা অনুসরণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করা হয়েছে। প্রতিবারই সব দিক লক্ষ্য রেখে সাধ্যের মধ্যে মসজিদ কর্তৃপক্ষ সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব রকম ব্যবস্থা নিয়ে থাকে।
তিনি আরো বলেন, এ মসজিদে প্রত্যন্ত অঞ্চলের সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্রসহ জেলার দূর-দূরান্ত থেকে সকল পেশার মুসল্লিগণ ঈদের নামাজ আদায়ে ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে সমবেত হন। মুসল্লিদের সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে প্রয়োজনীয় কাপড়ের দস্তর বিছানোর ব্যবস্থা করতে মসজিদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থাগ্রহণে আন্তরিক রয়েছে। তাছাড়া বিশেষ ট্রাফিক ব্যবস্থা, আইন-শৃংখলা রক্ষায় হাজীগঞ্জ পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করা হয়েছে। মসজিদ এরিয়া ব্যতীত হাজীগঞ্জ বাজার রোডে বিভিন্ন সুবিধাজনক স্থানে বিশেষ ওজুর ব্যবস্থা রাখা হবে। এছাড়া তিনি প্রতিটি ঈদের জামাত অনুষ্ঠানের ব্যাপারে হাজীগঞ্জের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা ও পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেস মিডিয়ার সকল সাংবাদিক, বাজার ব্যবসায়ী, স্টল মালিকসহ সর্বস্তরের মুসল্লিগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। গৃহীত ব্যবস্থার মধ্যে রয়েছে: প্রশাসনিক কর্মকর্তা, পৌর মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ, নিরাপত্তার জন্যে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিতকরণ, মাইকিং, মসজিদ সংলগ্ন এলাকা ও মাদ্রাসার বারান্দায় নামাজ পড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কর্তৃপক্ষ ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের স্বার্থে প্রতি বছর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে।







