প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩:০৬
বলাখালে বাস স্টপেজের দাবিতে অনড় শিক্ষার্থীরা
বোগদাদ ও আইদি কর্তৃপক্ষ লিখিত আশ্বাস না দিলে বাস চলবে না

হাজীগঞ্জের বলাখাল বাজারে বাস স্টপেজের দাবিতে প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ করেও বাস কর্তৃপক্ষের সাড়া না পেয়ে ভিন্নভাবে অবরোধের পথ বেছে নেয় বলাখালের ছাত্র-ছাত্রীরাসহ স্থানীয়রা। এর দুদিন আগে অবরোধ চলাকালে প্রশাসনের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেয়। কিন্তু এরপরও বাস কর্তৃপক্ষ বাস স্টপেজ দেয়নি বলাখালে। যে কারণে বুধবার (২০ মে ২০২৬) বেলা ১টা থেকে পুনরায় সড়ক অবরোধে বসে বলাখালের শিক্ষার্থীরা। বলাখালে বাস স্টপেজ করা হবে বলে বাস কর্তৃপক্ষ জেলা প্রশাসককে আশ্বস্ত করার বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শিক্ষার্থীদের স্পষ্ট বক্তব্য হচ্ছে : বোগদাদ পরিবহন ও আইদি পরিবহন কর্তৃপক্ষ বলাখালে এসে লিখিত না দেয়া পর্যন্ত বলাখালের ওপর দিয়ে দুটি পরিবহনের কোনো বাস চলবে না। তবে অন্য সকল পরিবহনসহ সকল যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করবে।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সিট ক্যাপাসিটি সম্বলিত স্পেশাল বাস সার্ভিস বোগদাদ পরিবহন ও আইদি পরিবহন। এ সড়কের হাজীগঞ্জের বলাখালে এ দুটি বাসের স্টপেজ রাখার দাবি স্থানীয়দের বহুদিনের। কিন্তু উপজেলা শহর থেকে মাত্র তিন কিলোমটার দূরে বলাখালের অবস্থান হবার কারণে পরিবহন কর্তৃপক্ষ বলাখালে স্টপেজ দেয় নি। বলাখালে স্টপেজ রাখার দাবিতে গত সোমবার (১৮মে ২০২৬) স্থানীয় শিক্ষার্থীরা অবরোধে নামে। সে সময় প্রশাসনের স্টপেজ করিয়ে দেওয়ার আশ্বাসে এবং তাৎক্ষণিক স্টপেজ দেওয়া শুরু হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। কিন্তু বাস কর্তৃপক্ষ একদিন পর বলাখালে স্টপেজ বন্ধ করে দিলে বুধবার (২০ মে) বেলা ১টার দিকে বলাখালের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধে বসে। বিকেল ৪টা পর্যন্ত পরিবহন দুটির দায়িত্বপ্রাপ্ত কেউ না আসাতে বলাখাল হাইস্কুল মাঠে বেশ ক'টি আইদি ও বোগদাদ বাস আটকে রাখে এবং এ সড়কে বাস দুটি চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এরপর থেকে সড়কটিতে দুটি পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা বেগম জানান, বাস কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় পরে সিদ্ধান্ত আসে উল্লেখিত দুটি বাস ছাড়া অন্য পরিবহনগুলো চলাচল স্বাভাবিক করার। পরে সড়ক খুলে দেয়া হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, জেলা প্রশাসক স্যার নিজে আইদি পরিবহন মালিকের সাথে কথা বলেছেন। মালিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন বলাখালে দুটি পরিবহন স্টপেজ দেওয়া হবে। 'বাসগুলো এখন চলাচলে প্রতিবন্ধকতা কেনো' এমন প্রশ্নে এ কর্মকর্তা জানান, ছাত্ররা বাস মালিক থেকে লিখিত প্রতিশ্রুতি চাচ্ছে।








