প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:২৮
স্বপন সেনগুপ্তকে কাছ থেকে দেখেছি, তিনি একজন ভালো মানুষ ছিলেন
-----জেলা পরিষদ প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম বলেছেন, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল ও বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মতো একজন নির্লোভ, অমায়িক ও নিবেদিতপ্রাণ সংগীত গুরুকে হারানো আমাদের জন্যে এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন শুদ্ধ সংগীত চর্চা ও প্রসারে কাজ করে গেছেন। স্বপন সেনগুপ্তকে আমি কাছ থেকে দেখেছি । তিনি একজন ভালো মানুষ ছিলেন। তাঁর প্রতি আমার শ্রদ্ধা থাকবে চিরকাল।
|আরো খবর
সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে চাঁদপুর সংগীত নিকেতনের উদ্যোগে সংগঠনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অ্যাড. সলিম উল্যা সেলিম এসব কথা বলেন। কোড়ালিয়াস্থ চাঁদপুর সঙ্গীত নিকেতন কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভায় জেলা পরিষদ প্রশাসক আরো বলেন, সংগীত নিকেতন একটি প্রাচীন সংগঠন। ১৯৬৪ সালে এই সংগঠনটি সৃষ্টি হয়েছে। আমিও সংগীত নিকেতনের সাথে জড়িত ছিলাম। স্বপনদার ধ্যান-জ্ঞান ছিলো সংগীত নিকেতনকে ঘিরে। যারা এখন সংগীত নিকেতনের সাথে জড়িত আছেন তারা স্বপনদার স্বপ্নকে বাস্তবায়ন করবেন । সবাই সংগীত নিকেতনের জন্যে কাজ করবেন। আমিও কাজ করবো এই সংগঠনটির জন্যে।
জনাব সলিম উল্যা সেলিম আরো বলেন, দেশে শিল্প-সংস্কৃতি বিকশিত হওয়া প্রয়োজন। তাহলে মাদক নির্মূল হবে। শিল্প-সংস্কৃতিতে জড়িত থাকলে আগামী প্রজন্মের আমাদের সন্তানরা বিপথগামী হবে না। তাহলেই সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং নির্মূল হবে। তিনি প্রয়াত স্বপন সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন, তিনি যেন স্বর্গবাসী হোন।
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ শিরোনামের এ স্মরণসভায় সংগঠনের পরিচালক বিমল চন্দ্র দের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু, শিক্ষক কল্পনা দাস, অ্যাড. রফিকুজ্জামান রনি, সংগঠনের অধ্যক্ষ বিচিত্রা সাহা, তৃপ্তি সাহা, বিশ্বনাথ দাস প্রমুখ।
অনুষ্ঠানে স্বপন সেনগুপ্তের সন্তানসহ পরিবারের সদস্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যরা উপস্থিত ছিলেন। শুরুতে এক মিনিট দাঁড়িয়ে সকলে নীরবতা পালন করেন। পরে স্বপন সেনগুপ্তের স্মরণে সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুরের বরেণ্য সংগীতশিক্ষক ও 'সঙ্গীত নিকেতন'-এর অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের প্রয়াণে স্থানীয় সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাংস্কৃতিক অবদান স্মরণ করতে সংগীত নিকেতন স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে।








