সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২১:৪০

ইভটিজিংয়ের শিকার পরিবারকে নিরাপত্তা ও সহযোগিতা দিতে আদালতের আদেশ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ইভটিজিংয়ের শিকার পরিবারকে নিরাপত্তা ও সহযোগিতা দিতে আদালতের আদেশ
চাঁদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়ি-ঘরে হামলা ও অগ্নি সংযোগের দৃশ্য।

শাহরাস্তিতে ইভটিজিংয়ের শিকার পরিবারকে নিরাপত্তা ও সহযোগিতা দেয়ার জন্যে ঘটনাটি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং সার্বিক সহযোগিতা করার জন্যে অতিরিক্ত পুলিশ সুপার কচুয়া সার্কেলকে আদেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।

রোববার (১৭ মে ২০২৬) জাস্টিস অব দ্যা পিস- এর আদেশ’ শিরোনামে তিনি এই আদেশ দেন। সোমবার (১৮ মে ২০২৬) রাতে আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গণমাধ্যমে পাঠানো আদেশে উল্লেখ করা হয়, বিগত ১৭ মে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘মোবাইল কোর্টের অপব্যবহার ও একটি পরিবারের ঘরছাড়ার গল্প’ এবং Channel 24 -এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত 'চাঁদপুরে ইভটিজিং-এর প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা' ((Link https://www.youtube.com/watch?v=8D76boxo_V4) শিরোনামে প্রকাশিত সংবাদ সমূহ নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদে প্রকাশ, চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন চিতোষী (পূর্ব) ইউনিয়নের চিতোষী গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হওয়ার পর মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার দণ্ডপ্রাপ্ত আসামীগণ কর্তৃক ভুক্তভোগীর পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের মাধ্যমে গবাদিপশু ও মূল্যবান সামগ্রী পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত ভুক্তভোগী পরিবার সপ্তম শ্রেণীর কন্যা সন্তানকে নিয়ে বাড়িছাড়া হয়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছে মর্মে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট থানার পুলিশ এবং উপজেলা প্রশাসন উক্ত ঘটনার বিষয়ে অবহিত থাকলেও অদ্য পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কিংবা এখতিয়ার সম্পন্ন আদালতে এ বিষয়ে কোনো মামলা দায়ের করতে পারেনি। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, বর্ণিত ঘটনায় ভুক্তভোগী পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সুরক্ষা পায়নি এবং আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এমতাবস্থায়, বিগত ৪ মে উল্লিখিত শ্লীলতাহানির ঘটনাসহ তৎপরবর্তী ভুক্তভোগী পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং যাদের অবহেলার কারণে উক্ত পরিবারকে নিরাপত্তার অভাবে বাড়ি ছাড়তে হয়েছে তাদের চিহ্নিত করে আগামী সাত দিনের মধ্যে সরজমিনে অনুসন্ধান পূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানকে নির্দেশ প্রদান করা হয়।

অনুসন্ধানকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার কচুয়া সার্কেলকে নির্দেশ দেয়া হয়।

অবিলম্বে ভুক্তভোগী পরিবারকে বসতবাড়িতে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনের সুরক্ষা নিশ্চিতপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য শাহরাস্তি থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়