প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১:০৪
ফরিদগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে মো. শফিকুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে ২০২৬) পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর নদনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শফিকুর রহমান পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপাদিক গ্রামের উত্তর তফাদার বাড়ির মৃত মুনসুর আলী তফাদারের ছেলে।
|আরো খবর
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শফিকুর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়শই বাড়ির বাইরে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
শনিবার (১৬ মে ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর নদনা মাইজের বাড়ির একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফরিদগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








