প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:২০
প্রধানমন্ত্রীর আগমনে নান্দনিক সাজে সেজেছে চাঁদপুর
পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সংশ্লিষ্ট সকলে

শনিবার (১৬ মে ২০২৬) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাঁদপুর শহর থেকে শুরু করে শহরতলী ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ জোরেশোরে চলছে।
বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দু পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন অবকাঠামোতে নতুন রঙের প্রলেপ, রাস্তার পাশের বড়ো বড়ো গাছের নিম্নাংশ লাল-সবুজ রঙে রাঙিয়ে তোলা এবং সরকারি স্থাপনাগুলোর সামনের অংশে সৌন্দর্য বর্ধনের কাজ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদ্যোগে সৌন্দর্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি দীর্ঘদিনের অবহেলিত অনেক কাজও সম্পন্ন হচ্ছে।
প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ঘোষেরহাট এলাকাজুড়ে ব্যাপক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। সেখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে কাজের অগ্রগতি দেখছেন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পিজিআর ও এসএসএফ সদস্যদের এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে জমে থাকা বড়ো বড়ো ময়লার স্তূপ অপসারণে কাজ শুরু করেছে চাঁদপুর পৌরসভা। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সকাল থেকে নিরলসভাবে ময়লা অপসারণে কাজ করছেন।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত গাড়ির ড্রাইভার জাহাঙ্গীর আলম বলেন, “আমরা প্রতিদিনই এই এলাকা পরিষ্কার করি। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এবার পুরো এলাকাকে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে বিশেষভাবে কাজ করছি। শুধু বাবুরহাট নয়, জেলখানা এলাকা ও আশপাশের সড়কের দু পাশও পরিষ্কার করা হচ্ছে।”
অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত ১৩টি ওভারহেড গ্যান্ট্রি সাইন রঙ্গিন করেছে এবং সেখানে সিলভার রং ব্যবহার করা হয়েছে। এতে আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রাস্তার পাশের বড়ো বড়ো গাছ লাল-সবুজ রঙে রাঙিয়ে তোলায় পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ভিন্ন এক নান্দনিক পরিবেশ।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চাঁদপুরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।
তবে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে একটি বিষয়—প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোথাও বড়ো বড়ো বিলবোর্ড, তোরণ কিংবা অতিরিক্ত পোস্টারের ছড়াছড়ি নেই। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে পুরো শহরকে সৌন্দর্যমণ্ডিত করার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল।
সবকিছু মিলিয়ে চাঁদপুর এখন যেন এক পরিচ্ছন্ন, প্রাণবন্ত ও আনন্দের শহরে পরিণত হয়েছে।








