প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:৫১
বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট, ডিস ও টেলিফোন লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। শহরের কালীবাড়ি মোড়, নতুন বাজার মোড়, ব্যাংক কলোনী, ছায়াবাণী, হাজী মহসিন রোড, রহমতপুর কলোনী, মাদ্রাসা রোডসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ছোট ছোট বৈদ্যুতিক খুঁটিতে মাকড়সার জালের মতো অসংখ্য তার ঝুলতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, একাধিক ইন্টারনেট ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার তার একই খুঁটিতে অপরিকল্পিতভাবে সংযোগ দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অনেক স্থানে তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, আবার কোথাও খুঁটি থেকে ঝুলন্ত তার পথচারীদের গায়ে লেগে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে বর্ষাকাল ও ঝড়ো আবহাওয়ায় এ ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান এলাকাবাসী। স্থানীয় পথচারীরা জানান, প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দ্রুত তারগুলো অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।








