প্রকাশ : ১০ মে ২০২৬, ১৫:২৮
বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী নুর রহমানের
সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের ব্যবসায়ী নুর রহমানের (৪৪) করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) রাতে বাড়ি ফেরার জন্যে মোটরসাইকেলযোগে রওনা হন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকাকালীন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার জোড়কবর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর রহমান রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে। তিনি দু সন্তানের জনক এবং ৬ ভাইয়ের মধ্যে সকলের ছোট। তিনি ফরিদগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ‘রহমান স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
নিহতের ভাই মোহাম্মদ হাবিব উল্যাহ জানান, নুর রহমান নিয়মিত মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাতায়াত করতেন। প্রতিদিনের মতো শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথিমধ্যে জোড়কবর এলাকার সড়কে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন জানান, নুর রহমানকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১০ মে ২০২৬) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, নুর রহমান একজন ভালো ব্যবসায়ী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি প্রতিদিন রাত ১১ থেকে ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যেতেন। শনিবার রাতে তিনি ৭ বছরের ও ৪ বছরের দু সন্তানের জন্যে খাওয়ার জিনিসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জানতে পারি। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কিন্তু কীভাবে তা জানা সম্ভব হয়নি।








