প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:৫৩
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-২৮
সমাজসেবামূলক কাজ করতে ভালো লাগে, জনগণের ভালোবাসায় প্রার্থী হবো
----আইউব কাজী

সামাজিক কাজ করতে প্রতিশ্রুতি লাগে না। একটা সুন্দর মন থাকলে সামাজিক কাজ করা সম্ভব। আমি নির্বাচিত হলে বাগাদী ইউনিয়নের মধ্যে আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবো’। মো. আইউব কাজী এ কথাগুলো বলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করবেন। নিম্নে তাঁর দেয়া বক্তব্য তুলে ধরা হলো--
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
আইউব কাজী : আমি চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ: প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
আইউব কাজী : ছোটকাল থেকেই আমি আমার ইউনিয়নের নিজ ওয়ার্ডে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার ইচ্ছা পোষণ করি। সে থেকেই নির্বাচন করার ইচ্ছা।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
আইউব কাজী : রাজনৈতিক দলের পদপদবী ব্যবহার করে নয়, আমি ওয়ার্ডবাসীর ভালোবাসায় প্রার্থী হবো। তারপরও বলছি, আমি ও আমার পরিবারের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাই দলের সমর্থন আশা করছি।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?
আইউব কাজী : আমি ছোটবেলা হতেই দলের সাথে জড়িত রয়েছি, ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে আছি, থাকবো। আমি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। আমার একটা পরিচিতি রয়েছে। সবারই একটা স্বপ্ন থাকে। সবাই বিজয়ী হতে চায়। হারজিত থাকবেই।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?
আইউব কাজী : প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি হওয়া যায় না। ভোট হলো ব্যক্তির। ব্যক্তির মন জয় করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া সম্ভব। সামাজিকভাবে কাজ করে আসছি। ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছি। ভোটের বিষয় নিয়ে ভোটারদের সাথে আলোচনা ও যোগাযোগ করা হচ্ছে।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
আইউব কাজী : আমি বিশ্বাস করি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
আইউব কাজী : আমি কখনো কাউকে প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করিনি। সামাজিক কার্যক্রম যা করেছি প্রতিশ্রুতি ছাড়াই করেছি। সামাজিক কাজ ও জনসেবা করতে হলে প্রতিশ্রুতি লাগে না। লাগে শুধু সুন্দর একটা মন। কেউ বিপদে পড়ে আমার কাছে এসে ফিরে যায়নি।
চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন।
আইউব কাজী : আমি ছোটবেলা থেকে সমাজসেবামূলক কাজ করে আসছি। আমি নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্যে আমার ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবো।
চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।
আইউব কাজী : আমি একজন সমাজসেবক, সমাজসেবা করতে পারলে আমার কাছে ভালো লাগে। আমার ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবাসায় আমি ইউপি সদস্য পদে প্রার্থী হবো। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণকে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করবো।








