প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০:১৪
বাকিলায় উচ্ছেদের আগেই নিজ উদ্যোগে সরিয়ে ফেলা হলো অবৈধ স্থাপনা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ কার্যক্রম আংশিক সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরের পর বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলে। অবশ্য সওজের উচ্ছেদের আগেই দখলকারীরা নিজেরা নিজেদের সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেন। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সওজের সার্ভেয়ার ও পুলিশের বিশেষ টিম।
চাঁদপুর থেকে খাজুরিয়া পর্যন্ত সড়ক বিভাগের উচ্ছেদ কার্যক্রম শুরু হয় গত রোববার (৩ মে ২০২৬)। তারই ধারাবাহিকতায় সোমবার হাজীগঞ্জের বাকিলা বাজারে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। পুরো বাজারের কিছুটা অংশে উচ্ছেদ করার পর এদিনের জন্যে কার্যক্রম বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পুরোপুরি শুরু হবে বলে সওজ সূত্র জানিয়েছে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এমন বিষয়ে গত সপ্তাহে মাইকিং করা হয়। তারই সূত্র ধরে দখলকারীরা গত দু দিন ধরে নিজেরা নিজেদের স্থাপনা সরিয়ে নিতে শুরু করে। সোমবার দুপুরের আগেই ৯০ ভাগ অবৈধ স্থাপনা সরিয়ে নেয় দখলদার নিজেরা। দুপুরের কিছু পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাকিলা পশ্চিম বাজার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় সওজের জমিতে থাকা ছোট বা ক্ষুদ্র স্থাপনা কোনো কিছুই বাদ পড়েনি উচ্ছেদ থেকে। বাকিলা বাজারের পুরানো যাত্রী ছাউনির ইজারা নবায়ন দেখাতে না পারায় সেটি গুঁড়িয়ে দেয়া হয়।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।








