বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৫৬

বৃহস্পতিবার সস্ত্রীক হজে যাচ্ছেন বিএনপি নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার সস্ত্রীক হজে যাচ্ছেন বিএনপি নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসাইন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। তাঁর স্ত্রী ও জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশাররফও তাঁর সাথে হজে যাচ্ছেন।বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে তিনি চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ তাঁর নিজ বাড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সস্ত্রীক তাঁর হজ পালনের বিষয়টি জানান।

তাঁরা যেনো সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহতায়ালা যেনো তাঁদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্যে তিনি চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, আমি দীর্ঘ ৩৮ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলের সাথে সম্পৃক্ত আছি। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি প্রায় ৩৫ বছর ধরে চাঁদপুরে ব্যবসা করছি। তাঁর এই রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক কর্মকাণ্ডে কারো মনে যদি জানা অথবা অজানায় তিনি কষ্ট দিয়ে থাকেন, তাহলে তিনি সে কষ্টকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া কামনার পাশাপাশি মহান আল্লাহর দরবারে চাঁদপুরবাসীর জন্যে দোয়া করবেন, যাতে করে চাঁদপুরের সকল পর্যায়ের মানুষ তাঁর চেয়েও অনেক ভালো থাকতে পারে।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশাররফ হোসাইন আরো বলেন, আগামী দিনে আল্লাহ আমাকে যতোদিন বাঁচিয়ে রাখে, নিজের সর্বোচ্চ দিয়ে চাঁদপুরবাসীর জন্যে কাজ করার চেষ্টা করবো। আমার একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য লেখাপড়া শেষ করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। আমি এবং আমার পরিবার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত চাঁদপুরবাসীর সেবায় নিয়োজিত থাকবো। বিনিময়ে আমি শুধু সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই। জীবনের শেষ সময় পর্যন্ত আমি কেবল মানুষের দোয়া ও ভালোবাসা চাই। কারণ আমি বিশ্বাস করি, ভালোবাসার চেয়ে বড়ো সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আমার সব স্বপ্ন চাঁদপুরে মাটি এবং মানুষকে নিয়ে। তাই আমাদের পরিবারের একটা স্লোগান 'এক শহর এক স্বপ্ন।'

আলহাজ্ব মোশারফ হোসাইন সস্ত্রীক হজ পালন শেষে ঈদুল আযহার এক সপ্তাহ পর দেশে ফিরে আসার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়