প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৪:৩৭
ফরিদগঞ্জে আমড়া গাছে যুবকের ঝুলন্ত লাশ
ফরিদগঞ্জে বসতঘরের পাশের একটি আমড়া গাছে ঝুলে থাকা অবস্থায় আলাল উদ্দিন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত আলাল উদ্দিন ওই গ্রামের হারিছ মিয়ার ছেলে।
|আরো খবর
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে আলাল উদ্দিন ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন, ঘরের পাশের আমড়া গাছের ডালে গলায় ‘লাইলনের রশি’ পেঁচিয়ে ঝুলছে তার মরদেহ। এ সময় পরিবারের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








