সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২২:৪১

আল-বোরাক লঞ্চ ঝড়ের কবলে চরে আটকা

তিন ঘণ্টা পর অন্য লঞ্চে উদ্ধার হলো যাত্রীরা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আল-বোরাক লঞ্চ রোববার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যার একটু আগে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। এ সময় লঞ্চটি মতলব উত্তরের ষাটনল এলাকায় চরে উঠে পড়ে আটকে যায়। তিন ঘণ্টা পর রাত সোয়া নয়টায় ঢাকা থেকে অপর একটি লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে। রোববার সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটে।

আল-বোরাক লঞ্চের যাত্রী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী জানান, বিকেল সাড়ে তিনটায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে। সন্ধ্যার একটু আগে আনুমানিক ৬টার সময় লঞ্চটি মতলব উত্তরের ষাটনল এলাকায় পৌঁছলে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় এবং বৃষ্টি তীব্র হলে লঞ্চের চালক বুদ্ধিমত্তার সাথে লঞ্চটি পাশের চরে উঠিয়ে দেয়। লঞ্চে প্রায় আড়াইশো'র মতো যাত্রী ছিলো। এ ঘটনা বিভিন্ন মাধ্যমে প্রশাসন ও নৌ পুলিশের কাছে গেলে কোস্ট গার্ড এবং মোহনপুর নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত সোয়া নয়টায় ঢাকা থেকে এমভি সোনারতরী-৪ লঞ্চ দিয়ে ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসে।

এদিকে ঝড়ের কবলে পড়লে লঞ্চের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নাকাটি শুরু করে দেয়। স্বজনদের ফোন করে দোয়া চায়। অবশেষে নিরাপদে উদ্ধার হওয়ায় আল্লাহর শোকরিয়া আদায় করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়