রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪

ফরিদগঞ্জে উন্মুক্ত নদীকে মরা ডাকাতিয়া নামে ইজারা প্রদান বন্ধ, অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবি

সিআইপি কৃষক সংগ্রাম কমিটি ও মৎস্যজীবী সংগ্রাম পরিষদের বিবৃতি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে উন্মুক্ত নদীকে মরা ডাকাতিয়া নামে ইজারা প্রদান বন্ধ, অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবি

এককালের প্রমত্তা নদী ডাকাতিয়া নদীকে মরা ডাকাতিয়া নদী নামে দীর্ঘদিন ধরে কৌশলে 'মরা ডাকাতিয়া জলাশয়' নামে অভিহিত করে ইজারা দিয়ে নদীর গতিপ্রকৃতি নষ্ট করা হচ্ছে। গোপন এই কার্যক্রম সম্প্রতি দুটি কথিত মৎস্যজীবী সমিতির মধ্যকার দ্বন্দ্বে প্রকাশ হয়ে পড়ে। এই তথ্য ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় প্রকৃত জেলে ও মৎস্যজীবীদের মধ্যে। সর্বশেষ সিআইপি কৃষক সংগ্রাম কমিটি ও মৎস্যজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতির মাধ্যমে অবিলম্বে এই ইজারা বাতিল করে ডাকাতিয়া নদীকে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। দুটি সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতিদাতা তাজুল ইসলাম জানান, ডাকাতিয়া নদী জীবিত, প্রবহমান, তাকে মরা নদী বলা অসৎ উদ্দেশ্য। নদীকে ইচ্ছাকৃতভাবে মারা হয়, কাগজে কলমে নদীর প্রকৃতি পরিবর্তন করে প্রশাসনের যোগসাজশে নদী দখলদাররা ভুয়া সমিতি রেজিস্ট্রেশন করে উন্মুক্ত জলমহালকে ইজারা নিতে তৎপর। কিন্তু ডাকাতিয়া নদী এই অঞ্চলের ফুসফুস এবং চাঁদপুর সেচ প্রকল্পের পানি ওঠার প্রধান ক্যানেল। ফলে উন্মুক্ত ডাকাতিয়া নদীকে ইজারা দেওয়া হলে তা হবে অবৈধ ও বেআইনি। উপজেলার চররামপুর থেকে পুটিয়া এবং চরপোয়া হয়ে কালির বাজার হয়ে হর্ণি পর্যন্ত আদি বা মূল ডাকাতিয়া নদী হওয়া সত্ত্বেও তা অবৈধভাবে ইজারা প্রদান করায় জলাবদ্ধতার কারণে প্রায় প্রতি বছরই জনগণকে ব্যাপক ক্ষতির শিকার হতে হয়। অতীতেও এমন নজির দেখা গেছে--প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে ইজারা প্রদান করা হয়েছে। যা প্রকৃত জেলে, মৎস্যজীবী ও নদীর দুই তীরের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হয়েছে। তাই অবিলম্বে মরা নদীর নাম দিয়ে উন্মুক্ত ডাকাতিয়া নদী অবৈধভাবে ইজারা দেওয়ার অপতৎপরতা বন্ধ এবং অবৈধ ইজারা বাতিল করে জবর দখল উচ্ছেদের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় পূর্বের ন্যায় জেলে, মৎস্যজীবী ও দু পাড়ের জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো বলে হুঁশিয়ারি দেন বিবৃতিদাতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়